পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে তীব্র সংঘর্ষে তালেবানের ২২৮ যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জানিয়েছেন, হামলায় আরও ৩১৪ তালেবান যোদ্ধা আহত হয়েছে। একই সঙ্গে তালেবানের ৭৪টি পোস্ট ধ্বংস ও ১৮টি দখলে নেওয়া হয়েছে। খবর আলজাজিরার।
পাকিস্তান সামরিক বাহিনীর ওই মুখপাত্র আরও বলেন, সংঘর্ষে অন্তত ৩১৪ তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।এদিন সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন। দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত ২৭ পাকিস্তানি আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।
তবে পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া হতাহতের এ সংখ্যার সঙ্গে তালেবান সরকারের তথ্যের বড় ধরনের গরমিল পাওয়া গেছে। এর আগে তালেবান বলেছিল, তাদের মাত্র ৮ যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।
পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলার দাবি
পাকিস্তানের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের তালেবান সরকারের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকাল ১১টার দিকে তাদের বিমান বাহিনী পাকিস্তানের কয়েকটি সামরিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইসলামাবাদের কাছের একটি সামরিক ক্যাম্প, খাইবার পাখতুনখোয়ার নওশেরা ঘাঁটি, জামরুদ এলাকা এবং অ্যাবোটাবাদের আরও কয়েকটি স্থান।
মন্ত্রণালয়ের দাবি, হামলায় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার ও কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এটিকে কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় আগের রাতে হওয়া কথিত পাকিস্তানি বিমান হামলার জবাব হিসেবে উল্লেখ করেছে।
যুদ্ধবিরতিতে মধ্যস্থতার প্রস্তাব
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। দুই প্রতিবেশী দেশের মধ্যে সহিংস সংঘাতে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে বেইজিং। যুদ্ধবিরতির কার্যকরে উভয়পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে দেশটি। এদিকে দুদেশের মধ্যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন শহরে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। দুদেশের এই সহিংস ‘সংঘাতের তীব্রতা বৃদ্ধিতে চীন গভীরভাবে উদ্বিগ্ন। উভয়পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করহে ও রক্তপাত এড়াতে হবে।’
যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে তিনি আরও বলেন, চীন ধারাবাহিকভাবে নিজস্ব চ্যানেলের মাধ্যমে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের মধ্যস্থতা করেছে এবং উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ‘সংলাপ সহজতর’ করতে সাহায্য করতে প্রস্তুত ইরান।
তিনি দুই দেশকে ভালো প্রতিবেশীসুলভ আচরণ করতে বলেন। একইসঙ্গে সংলাপের মাধ্যমে তাদের মতপার্থক্য দূর করার আহ্বান জানান। সীমান্ত উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইরান এর আগেও দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে।